জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঝাওডাংগা সীমান্তে এক যুবককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সতর্ক অবস্থান ও স্থানীয়দের প্রতিরোধের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়।
ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাতে, উপজেলার ঝাওডাংগা ১০৭৮ আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে মধ্যেরচর এলাকায়। স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১০টার দিকে বিএসএফ ওই যুবককে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অংশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি জানাজানি হওয়ার পরপরই বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেন এবং সীমান্তে নজরদারি বাড়ান।
পরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবির কঠোর অবস্থানের কারণে পুশইনের চেষ্টা সফল হয়নি। তবে ঘটনাটির পর ওই যুবক শূন্যরেখায় অবস্থান করছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তের দুই পাশে বিজিবি ও বিএসএফ সতর্ক অবস্থান বজায় রেখেছে।
সীমান্ত এলাকায় এর আগেও একাধিকবার পুশইনের অভিযোগ উঠেছে বলে স্থানীয়রা জানান। এসব ঘটনায় সীমান্তে উত্তেজনা সৃষ্টি হলেও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে অবৈধভাবে এক ব্যক্তিকে পুশইনের চেষ্টা করা হয়েছিল, তবে বিজিবির তৎপরতায় তা ব্যর্থ হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্তে অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে।
কসমিক ডেস্ক