কুড়িগ্রামের চিলমারীতে ব্যতিক্রমধর্মী এক মানবিক উদ্যোগ সর্বমহলে প্রশংসা কুড়াচ্ছে। দিনে মাত্র একটি ভালো কাজ করলেই মিলছে বিনা মূল্যে ইফতারি ও রাতের খাবার। রাজধানীভিত্তিক সংগঠন ভালো কাজের হোটেল এ কার্যক্রম পরিচালনা করছে।
চিলমারী উপজেলার রমনা রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ইফতারি বিতরণকে ঘিরে নারী-পুরুষ ও শিশুদের ভিড়। কেউ দিনমজুর, কেউ রিকশাচালক, আবার কেউ রেলওয়ে বস্তির বাসিন্দা। সবার মুখে একটাই কথা—আজ একটি ভালো কাজ করেছি।
সংগঠনের সিনিয়র স্বেচ্ছাসেবক নুর আলম রাঙা জানান, প্রতিদিন প্রায় ৫০০ থেকে ৬০০ মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়। একেক দিন একেক মেন্যু—বিরিয়ানি, মুরগির রোস্ট, খেজুর ও শরবত। শর্ত একটাই, দিনে অন্তত একটি ভালো কাজ করতে হবে। তাহলেই মিলছে বিনামূল্যে খাবার।
তিনি জানান, ঢাকাভিত্তিক সংগঠন ইয়ুথ ফর বাংলাদেশ-এর শাখা হিসেবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংগঠনটির ৪ হাজার ১০০ সদস্য প্রতিদিন ১০ টাকা করে অনুদান দেন। তাদের অর্থায়নেই কুড়িগ্রামসহ দেশের চারটি স্থানে এই কর্মসূচি চলছে। ২০১৯ সাল থেকে সামাজিক সচেতনতা ও মানবিক কাজের মাধ্যমে এটি পরিচালিত হয়ে আসছে।
ইফতার নিতে আসা রমনা রেলওয়ে বস্তির বাসিন্দা খাদিজা বেগম বলেন, বাড়িতে ভালো খাবার জোটে না। এখানে এসে অন্তত একবেলা ভালোভাবে খেতে পারি। রোজার দিনে এটি অনেক বড় সহায়তা।
রমনা ব্যাপারীপাড়া থেকে আসা ছালমা বেগম জানান, তিনি এক অসুস্থ বৃদ্ধকে গোসল করিয়ে ঘরে পৌঁছে দিয়েছেন। এমন ছোট ছোট মানবিক কাজের স্বীকৃতি হিসেবেই তিনি ইফতার পেয়েছেন।
স্থানীয় যুবক সাব্বির বলেন, প্রতিদিন কয়েকশ মানুষ এখানে আসেন। একটি ভালো কাজের বিনিময়ে খাবার দেওয়া সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।
সংগঠনের আরেক স্বেচ্ছাসেবক লিমন জানান, সদস্যদের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় বর্তমানে কুড়িগ্রাম, ঢাকা, চট্টগ্রাম ও মাদারীপুরে এ কার্যক্রম চলছে। রমজান মাসজুড়ে ইফতার বিতরণ অব্যাহত থাকবে।
কসমিক ডেস্ক