সুপার এইটে শুরুটা ভালো হয়নি ভারতের। প্রথম ম্যাচে হারের পর সেমিফাইনালে ওঠা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ে ঘুরে দাঁড়িয়ে জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়ে নতুন করে স্বপ্ন দেখছে ভারত জাতীয় ক্রিকেট দল।
ম্যাচে টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা ভারতকে ব্যাটিংয়ে পাঠান। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন ওপেনাররা। ১৫ বলে ২৪ রান করে আউট হন স্যাঞ্জু স্যামসন। পাওয়ার প্লেতে আসে ৮০ রান। দ্বিতীয় উইকেটে ৭২ রানের জুটি গড়ে ২৪ বলে ৩৮ রান করেন ইষাণ কিষাণ।
মাত্র ২৬ বলে ফিফটি পূর্ণ করেন অভিষেক শর্মা এবং ৫৫ রান করে ফেরেন। ১৩ বলে ৩৩ রান করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। শেষ দিকে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। দুজন মিলে ৩১ বলে ৮৪ রানের জুটি গড়েন। হার্দিক ২৩ বলে ৫০ এবং তিলক ১৬ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৫৬ রান তোলে ভারত।
২৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লড়াই করেন জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল-এর ব্যাটাররা। ওপেনার ব্রায়ান বেনেট চোখ ধাঁধানো ৯৭ রানের ইনিংস খেলেন ৫৯ বলে, আটটি চার ও ছয়টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। আরেক ওপেনার মারুমানি করেন ২০ রান। সিকান্দার রাজা ৩১ রান যোগ করেন। তবে প্রয়োজনীয় রানরেট ধরে রাখতে না পারায় ১৮৪ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।
ভারতের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন অর্শদিপ সিং, তিনি নেন তিনটি উইকেট।
এই জয়ে সুপার এইট পর্বে নিজেদের অবস্থান মজবুত করল ভারত। অন্যদিকে টানা দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো জিম্বাবুয়েকে।
কসমিক ডেস্ক