শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে দেশ গঠনে কাজ করা মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা তারেক রহমান। শনিবার (৩০ মে) তিনি এ বক্তব্য দেন।
তিনি বলেন, যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের উন্নয়ন ও সমাজ গঠনে কাজ করছেন, তাদের সহযোগিতা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। সমাজের সর্বস্তরের মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করে, তবেই শহীদ জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব হবে।
তারেক রহমান আরও বলেন, একজন নাগরিক হিসেবে প্রত্যেকে যদি সমাজের উন্নয়নমূলক কাজে নিয়োজিত ব্যক্তিদের সহযোগিতা করে, তবে তা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, চলমান কর্মসূচি জনসাধারণের চলাচলে কিছুটা অসুবিধা তৈরি করছে, তাই আলোচনা সংক্ষিপ্ত রাখা হয়েছে।
তিনি দলীয় সাংগঠনিক কার্যক্রম প্রসঙ্গে বলেন, খুব শিগগিরই দলের নেতাকর্মীদের সঙ্গে বসে সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ভবিষ্যৎ পরিকল্পনা ও দলীয় কাঠামো উন্নয়নে নতুন উদ্যোগ নেওয়ার কথাও তিনি ইঙ্গিত দেন।
এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেওয়া তার এই আহ্বানকে দলের ভবিষ্যৎ কর্মসূচির দিকনির্দেশনা হিসেবেও দেখছেন অনেকে।
কসমিক ডেস্ক