আফ্রিকার দেশ ডিআর কঙ্গোতে আবারও উদ্বেগজনক হারে ছড়াচ্ছে ইবোলা ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ৯০০-এর বেশি মানুষ ইবোলায় আক্রান্ত সন্দেহে শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১০১ জনের শরীরে ইবোলা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ডিআর কঙ্গোর তিনটি প্রদেশে এই ভাইরাসে অন্তত ২০৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।
ইবোলা একটি অত্যন্ত প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থের সংস্পর্শে এ রোগ ছড়িয়ে পড়ে। সাধারণত জ্বর, দুর্বলতা, বমি, ডায়রিয়া এবং গুরুতর ক্ষেত্রে রক্তক্ষরণের মতো উপসর্গ দেখা দেয়। দ্রুত চিকিৎসা না পেলে রোগটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বর্তমানে যে ধরনের ইবোলা ভাইরাস ছড়িয়েছে, তার জন্য এখনো কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই। ফলে রোগ নিয়ন্ত্রণে দ্রুত শনাক্তকরণ, আক্রান্তদের আলাদা রাখা এবং সংক্রমণ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হচ্ছে।
পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও আন্তর্জাতিক সংস্থাগুলো নজরদারি বাড়িয়েছে। আক্রান্ত এলাকাগুলোতে চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত পদক্ষেপ না নিলে সংক্রমণ আরও বিস্তৃত হতে পারে। তাই সীমান্তবর্তী এলাকাসহ ঝুঁকিপূর্ণ অঞ্চলে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
কসমিক ডেস্ক