বরিশালের বাকেরগঞ্জে ছাত্রদল নেতা গুরুতর আহত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বরিশালের বাকেরগঞ্জে ছাত্রদল নেতা গুরুতর আহত

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 3, 2026 ইং
বরিশালের বাকেরগঞ্জে ছাত্রদল নেতা গুরুতর আহত ছবির ক্যাপশন:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সন্ত্রাসী হামলায় চরাদি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহাদ খান (৩০) গুরুতর আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরাদি ইউনিয়নের হলতা গ্রামের সরদার বাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত ফাহাদ খান চরাদি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং কামাল হোসেন খানের ছেলে। হামলার পর গুরুতর অবস্থায় তাকে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন।

হাসপাতালে নেওয়ার পথে ফাহাদ খান স্বজনদের মাধ্যমে ১ মিনিট ৩৪ সেকেন্ডের একটি ভিডিও বার্তা দেন। ভিডিওতে তিনি অভিযোগ করেন, তাদের প্রতিবেশী নুরুল ইসলাম হাওলাদারের ছেলে ও চরাদি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম রানা, মোশাররফ হোসেন (পান্নু) খানের ছেলে আরিফ খান, সুলতান খানের ছেলে কাজী রিয়াজসহ অজ্ঞাত ২-৩ জন তার ওপর অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে জখম করে।

ভিডিও বার্তায় ফাহাদ দাবি করেন, হলতা বাজারের এক ডিস ব্যবসায়ীর কাছে ইউপি সদস্য রানাসহ কয়েকজন চাঁদা দাবি করেন। এ ঘটনায় তিনি প্রতিবাদ করেন এবং ওই ব্যবসায়ীর সঙ্গে থানায় যান। এর জের ধরেই তার ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, ইউপি সদস্য রানা স্থানীয়ভাবে প্রভাবশালী এবং তার সঙ্গে বাকেরগঞ্জ থানার ওসির সুসম্পর্ক রয়েছে। হামলায় তার মৃত্যু হলে উল্লেখিত ব্যক্তিদের দায়ী করা হবে বলেও ভিডিওতে উল্লেখ করেন।

ফাহাদের বাবা কামাল হোসেন বলেন, গত সপ্তাহে ডিস ব্যবসায়ীর করা চাঁদাবাজির মামলায় তার ছেলে বাদীর সঙ্গে থানায় গিয়েছিল। অন্যায়ের প্রতিবাদ করায় তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

বাকেরগঞ্জ থানার ওসি কে এম সোহেল রানা বলেন, ডিস ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে গত সপ্তাহে একটি চাঁদাবাজি ও একটি অন্যান্য ধারায় দুটি মামলা হয়েছে। সেই ঘটনার ধারাবাহিকতায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার তিন আসনে বিকল্প প্রস্তুতি, শেষ মুহূর্তে কৌশল বদ

খালেদা জিয়ার তিন আসনে বিকল্প প্রস্তুতি, শেষ মুহূর্তে কৌশল বদ