নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে টানা কয়েক দিন ধরে চলা শিক্ষার্থী আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। দলটি বলেছে, শিক্ষার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং নিয়োগব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনাই তাদের প্রধান অগ্রাধিকার।
ঝাড়খণ্ড কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা কে রাউজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি জমা দিয়েছে। বৈঠক শেষে তিনি জানান, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য মন্ত্রিসভার একটি কমিটি গঠনের সিদ্ধান্তকে কংগ্রেস ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে।
গত ২৫ জুলাই থেকে রাজ্যের রাজধানী রাঁচিতে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (JSSC) পরিচালিত নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন চাকরিপ্রার্থীরা। আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে ১৪তম ঝাড়খণ্ড পিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা বাতিল, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তে সিবিআই অথবা অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতিদের মাধ্যমে তদন্ত এবং নিয়োগব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার।
আন্দোলন তীব্র আকার ধারণ করলে পাঁচ শিক্ষার্থী অনশন কর্মসূচি শুরু করেন। তাদের মধ্যে ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার নেতা দেবেন্দ্রনাথ মাহতোও রয়েছেন।
এদিকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জানিয়েছেন, শিক্ষার্থীদের উত্থাপিত অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেন, অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানে সরকার কাজ করছে।
কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে তারা সরকারের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাবে। একই সঙ্গে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবি দ্রুত সমাধানের আহ্বানও জানিয়েছে দলটি।
কসমিক ডেস্ক