করদাতাদের সতর্ক করে এনবিআরের ৪ নির্দেশনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

করদাতাদের সতর্ক করে এনবিআরের ৪ নির্দেশনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2026 ইং
করদাতাদের সতর্ক করে এনবিআরের ৪ নির্দেশনা ছবির ক্যাপশন:

কর নথি অডিটের কথা বলে এক শ্রেণির প্রতারক চক্র করদাতাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই পরিস্থিতিতে করদাতাদের কোনোভাবেই প্রতারকদের ফাঁদে পা না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

রবিবার (৫ জুলাই) এনবিআরের রাজস্ব ভবন থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কিছু প্রতারক চক্র বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে করদাতাদের সঙ্গে যোগাযোগ করছে। তারা কর নথি (ফাইল) অডিটে পড়েছে বলে জানিয়ে অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দেয় অথবা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ দাবি করে।

এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে এনবিআর করদাতাদের জন্য চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে:

প্রথমত, লিখিত নোটিশ ছাড়া কোনো যোগাযোগ গ্রহণযোগ্য নয়। এনবিআরের কোনো কর্মকর্তা বা কর্মচারী অডিট সংক্রান্ত বিষয়ে ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না। আইন অনুযায়ী, অডিটের জন্য ফাইল নির্বাচিত হলে তা শুধুমাত্র আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে জানানো হয়।

দ্বিতীয়ত, আর্থিক লেনদেনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কর সংক্রান্ত যেকোনো অর্থ শুধুমাত্র সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবে কিংবা বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং বা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে অর্থ গ্রহণের এখতিয়ার রাখেন না।

তৃতীয়ত, তথ্য যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সন্দেহজনক ফোন কল, এসএমএস বা ইমেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ-কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে সত্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

চতুর্থত, আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যদি এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করে, তাহলে দ্রুত নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতে এবং প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ করতে বলা হয়েছে।

এনবিআর জানিয়েছে, তারা করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা প্রদানে বদ্ধপরিকর। একই সঙ্গে সন্দেহভাজন প্রতারক চক্র থেকে নিজের কষ্টার্জিত অর্থ সুরক্ষিত রাখতে করদাতাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদে ফিরছেন বালাম, প্রকাশ্যে ‘মাওলা’ মিউজিক্যাল ফিল্মের ট্রেল

ঈদে ফিরছেন বালাম, প্রকাশ্যে ‘মাওলা’ মিউজিক্যাল ফিল্মের ট্রেল