বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবসের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিশেষভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে উভয় পক্ষের ঘনিষ্ঠ সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া বাংলাদেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও টেকসই করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউর ২০০ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে কাজ করবে।
ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলেও প্রতিনিধিদলটি আশাবাদ ব্যক্ত করে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের ইউরোপ মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ এবং জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
কসমিক ডেস্ক