ভারতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন ক্রমেই তীব্র আকার ধারণ করছে। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর নেতৃত্বে দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া এই প্রতিবাদ এখন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সমর্থন জানিয়েছেন বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় দুই তারকা কমল হাসান ও আলিয়া ভাট।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে কমল হাসান শিক্ষাব্যবস্থার ত্রুটি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, একটি শিশু যখন কাঁদে তখন তা শোনা উচিত, কিন্তু বাস্তবে সমাজ তা করতে ব্যর্থ হয়েছে। তার মতে, বর্তমান শিক্ষা ব্যবস্থা শিক্ষার পরিবর্তে কোচিং নির্ভরতা, কৌতূহলের বদলে উদ্বেগ এবং যোগ্যতার পরিবর্তে অনৈতিকতাকে উৎসাহিত করছে, যা একটি জাতির জন্য উদ্বেগজনক।
কমল হাসান আরও বলেন, যখন শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে আসে এবং তার জবাবে তারা ব্যারিকেড ও লাঠিচার্জের সম্মুখীন হয়, তখন তা একটি রাষ্ট্রের ব্যর্থতার প্রতিফলন। একই সঙ্গে তিনি অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে অনশন ভাঙার আহ্বান জানান এবং তাকে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে উল্লেখ করেন।
অন্যদিকে, আলিয়া ভাট তার ইনস্টাগ্রাম পোস্টে এই আন্দোলনকে ঘিরে নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো তাকে যেমন ব্যথিত করেছে, তেমনি শিক্ষার্থীদের সাহস তাকে অনুপ্রাণিতও করেছে। প্রতিটি শিক্ষার্থীর পেছনে যে স্বপ্ন, পরিবার ও ত্যাগ জড়িয়ে থাকে, সেটির প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
সরকারের প্রতি প্রশ্ন তুলে আলিয়া ভাট বলেন, যারা দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে, তাদের কণ্ঠস্বর আমরা সত্যিই শুনছি কিনা—এই প্রশ্ন এখন সামনে এসেছে। সব মিলিয়ে, তারকাদের এই সমর্থন শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে এবং বিষয়টি নিয়ে জনমনে আরও সচেতনতা তৈরি করছে।
কসমিক ডেস্ক