অস্ট্রেলিয়া সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের মধ্যে জ্বালানি ও খনিজ খাতে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) মেলবোর্নে অস্ট্রেলিয়া-ভারত অর্থনৈতিক রোডম্যাপ বিষয়ক এক ব্যবসায়িক অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সময়ে ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্ক একটি ‘ঐতিহাসিক সুযোগ’ তৈরি করেছে, যা কাজে লাগিয়ে উভয় দেশ দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে।
মোদি বলেন, পারমাণবিক জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ, সবুজ হাইড্রোজেন এবং অবকাঠামো উন্নয়নের মতো খাতে যৌথ উদ্যোগ নেওয়ার এখনই উপযুক্ত সময়। তার মতে, অস্ট্রেলিয়ার উন্নত প্রযুক্তি, বিনিয়োগ সক্ষমতা এবং প্রাকৃতিক সম্পদ ভারতের জ্বালানি খাতের রূপান্তরকে আরও গতিশীল করতে পারে। একই সঙ্গে কম-কার্বন অ্যালুমিনিয়াম উৎপাদন প্রকল্পেও দুই দেশের মধ্যে সহযোগিতার সম্ভাবনা রয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের ভারতের সড়ক, বন্দর, রেলপথ এবং নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে দীর্ঘমেয়াদি বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, ভারত বর্তমানে নিরাপদ, স্থিতিশীল এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশ হিসেবে বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য বড় সম্ভাবনার বাজার তৈরি করেছে।
বর্তমানে ভারত ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছে। এই লক্ষ্য বাস্তবায়নে অস্ট্রেলিয়ার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছে নয়াদিল্লি। অন্যদিকে, অস্ট্রেলিয়াও চীনের ওপর বাণিজ্যিক নির্ভরতা কমিয়ে ভারতের মতো দ্রুত বর্ধনশীল অর্থনীতির সঙ্গে সম্পর্ক আরও বিস্তৃত করতে আগ্রহী।
এদিকে অস্ট্রেলিয়ার বৃহত্তম পেনশন তহবিল অস্ট্রেলিয়ানসুপার ভারতের ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ডে অতিরিক্ত ৫০ কোটি অস্ট্রেলিয়ান ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে ইউরেনিয়াম রপ্তানি সংক্রান্ত নতুন একটি চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনার কথাও স্থানীয় গণমাধ্যমে উঠে এসেছে। সফরকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ মোদিকে দুই দেশের মধ্যে ‘জীবন্ত সেতু’ হিসেবে অভিহিত করেন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
কসমিক ডেস্ক