ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালেই রাঙামাটি শহরের জিমনেশিয়াম এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বনরূপা এলাকা প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসকের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদসভায় বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থীরা বক্তব্য দেন। এতে অংশ নেন রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী লীলা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলার সাংগঠনিক সম্পাদক সজল চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য কবিতা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অন্তর চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন চাকমা।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সারা দেশে ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। তারা ঢাকায় রামিসার ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনাকে উল্লেখ করে বলেন, এ ধরনের ঘটনা সমাজকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে।
তারা আরও বলেন, চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটির বিলাইছড়িসহ বিভিন্ন এলাকায় শিশু নির্যাতনের ঘটনা ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তাদের মতে, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা, যারা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে।
বক্তারা অভিযোগ করেন, বারবার রাস্তায় নেমে আন্দোলন করেও ন্যায়বিচার নিশ্চিত করা যাচ্ছে না। বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরনের অপরাধ বারবার ঘটছে বলে তারা মন্তব্য করেন।
তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শুধু সমতল নয়, পাহাড়ি অঞ্চলেও নারী ও শিশু নির্যাতনের সব ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি কার্যকর করতে হবে।
কসমিক ডেস্ক