চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে ছবির ক্যাপশন:

চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং এ কর্মসূচি ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণ করা হবে।

সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন সরকার সারা দেশের ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা নিয়েছে। সেই পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি উপজেলায় প্রাথমিকভাবে ৭ হাজার পরিবারের নারী সদস্যদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে দেশের ৪ কোটি পরিবারের নারী সদস্য এই সুবিধার আওতায় আসবেন।

বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থন থাকলে বিএনপি দেশের স্বার্থে কাজ করে যাবে এবং কোনো বাধাকে ভয় পাবে না। তিনি বলেন, দেশের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং নারীর ক্ষমতায়নকে আরও শক্তিশালী করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

নারী শিক্ষার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার প্রথম শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার প্রথম শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগও আরও সম্প্রসারণ করা হবে বলে জানান তিনি।

এর আগে প্রধানমন্ত্রী বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে পুনঃখনন করা সরিকল খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সকাল ১০টার দিকে তার গাড়িবহর গৌরনদীতে পৌঁছালে বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে গৌরনদীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ইনহেরিটেন্স ট্যাক্স চালুর চিন্তা, সম্পদ কর ফিরছে

ইনহেরিটেন্স ট্যাক্স চালুর চিন্তা, সম্পদ কর ফিরছে