টানা বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাঁটুপানি, চরম দুর্ভোগ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

টানা বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাঁটুপানি, চরম দুর্ভোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2026 ইং
টানা বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাঁটুপানি, চরম দুর্ভোগ ছবির ক্যাপশন:

টানা ভারী বৃষ্টিতে গাজীপুরের কালিয়াকৈর পৌর এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ ও হরিণহাটি এলাকায় হাঁটুপানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতার কারণে মহাসড়ক ব্যবহারকারী যাত্রী, পরিবহন চালক এবং স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।

রোববার (১২ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, মহাসড়কের বিভিন্ন অংশে পানি জমে ছোট যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হয়েছে। শুধু মহাসড়কই নয়, কালিয়াকৈর পৌরসভার হরিণহাটি, জোড়াপাম্প, বিশ্বাসপাড়া, ভাঙা মসজিদ, খাজার ডেক, আনসার একাডেমি, চন্দ্রা পল্লীবিদ্যুৎ, নিশ্চিতপুর, হাবিবপুর, রূপনগর, কলাবাধা, ডাইনকিনী, হরতকীতলা, মাইওয়ান, দিঘীরপাড় বটতলা ও পূর্ব চান্দরাসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে বসতবাড়ি, দোকানপাট ও সড়ক তলিয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, খাল ও জলাশয় ভরাট, পানি প্রবাহের স্বাভাবিক পথ সংকুচিত হয়ে যাওয়া এবং দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণেই সামান্য ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। বিশেষ করে বিশ্বাসপাড়া, হরিণহাটি ও পল্লীবিদ্যুৎ এলাকার গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশন খালের মুখ সংকুচিত হয়ে যাওয়ায় দ্রুত পানি নামছে না।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ এইচ এম ফখরুল হোসাইন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ-হরিণহাটি এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের সময় পাশের পানি নিষ্কাশন ড্রেনের একটি অংশ ভরাট হয়ে যাওয়ায় মহাসড়কে পানি জমেছে। পাশাপাশি অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে খালগুলোর পানি ধারণক্ষমতা অতিক্রম করায় পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে ড্রেন পরিষ্কার, খালের প্রতিবন্ধকতা অপসারণ এবং দ্রুত পানি নিষ্কাশনের কাজ চলছে। পাশাপাশি দীর্ঘমেয়াদে খাল পুনঃখনন ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
৪ কোটি ৮০ লাখ টাকার রাস্তার নামে প্রতারণা, ইট বিক্রির অভিযোগ

৪ কোটি ৮০ লাখ টাকার রাস্তার নামে প্রতারণা, ইট বিক্রির অভিযোগ