চলমান বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করতে প্রশাসনকে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।
শুক্রবার (১০ জুলাই) সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বর্তমান দুর্যোগ পরিস্থিতিতে প্রশাসনকে জনগণের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
ড. মাহদী আমিন জানান, বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিএনপির নেতাকর্মীদেরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, সরকারের পাশাপাশি দলীয় পর্যায়েও মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করা হচ্ছে।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রশাসনসহ রাষ্ট্রের বিভিন্ন সংস্থা দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে।
দুর্যোগ মোকাবিলায় সবাইকে মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সংকটের সময় বিভেদ নয়, বরং ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি দেশের উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় নির্বাচিত সরকারকে সহযোগিতা করার জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ, পুনর্বাসন ও জরুরি সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
কসমিক ডেস্ক