রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জন শিশু সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিশু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে মোট ২৫৬ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে অধিকাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নান জানান, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৫৬ জন শিশুর মধ্যে ২৪২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে ১৪ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, একই সময়ে ৬ জন শিশু সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শিশুদের মধ্যে জ্বর, চর্মরোগ ও অন্যান্য হামের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হচ্ছে, ফলে রোগ শনাক্ত ও চিকিৎসা সহজ হচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের সংক্রামক রোগ নিয়ন্ত্রণে দ্রুত টিকা প্রদান, সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে। শিশু রোগীদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কসমিক ডেস্ক