ফ্রান্সের পারমাণবিক সুরক্ষায় নরওয়ের যোগদান, ন্যাটো নির্ভরতায় নতুন মোড় The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ফ্রান্সের পারমাণবিক সুরক্ষায় নরওয়ের যোগদান, ন্যাটো নির্ভরতায় নতুন মোড়

  • নিউজ প্রকাশের তারিখ : May 28, 2026 ইং
ফ্রান্সের পারমাণবিক সুরক্ষায় নরওয়ের যোগদান, ন্যাটো নির্ভরতায় নতুন মোড় ছবির ক্যাপশন: প্যারিসে বৈঠকে ফ্রান্স ও নরওয়ের নেতাদের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর, ইউরোপীয় নিরাপত্তায় নতুন পদক্ষেপ।

নিরাপত্তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর দীর্ঘদিনের একক নির্ভরতা কমিয়ে ইউরোপীয় প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের অংশ হিসেবে এবার ফ্রান্সের ‘পরমাণু ছাতা’র আওতায় যুক্ত হয়েছে নরওয়ে। এই সিদ্ধান্তকে ইউরোপীয় নিরাপত্তা কাঠামোয় একটি গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (২৭ মে) প্যারিসে এক বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরে যৌথভাবে এই নতুন প্রতিরক্ষা চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানায়।

দীর্ঘদিন ধরে ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের পারমাণবিক নিরাপত্তা ব্যবস্থার ওপর নির্ভরশীল থাকা নরওয়ের জন্য এটি একটি বড় কৌশলগত পরিবর্তন। নতুন চুক্তির মাধ্যমে নরওয়ে ফ্রান্সের নেতৃত্বাধীন ‘ফরোয়ার্ড নিউক্লিয়ার ডিটারেন্স’ কাঠামোর সঙ্গে যুক্ত হচ্ছে, যা ইউরোপীয় অংশীদারদের পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থায় আরও ঘনিষ্ঠভাবে অন্তর্ভুক্ত করবে।

নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরে বলেন, ন্যাটো এবং যুক্তরাষ্ট্রই তাদের প্রধান প্রতিরক্ষা ভিত্তি হিসেবে থাকবে, তবে ফ্রান্সের পারমাণবিক সক্ষমতা ইউরোপীয় নিরাপত্তায় একটি গুরুত্বপূর্ণ অতিরিক্ত অবদান রাখবে।

অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেন, এই চুক্তি দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতাকে আরও শক্তিশালী করেছে এবং এটি ইউরোপের ‘কৌশলগত স্বায়ত্তশাসন’ অর্জনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনা, পারমাণবিক সামরিকায়ন এবং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে অনিশ্চয়তার প্রেক্ষাপটে এই পদক্ষেপকে দেখা হচ্ছে। নরওয়ে ন্যাটো সদস্য হলেও দেশটি ইউরোপীয় ইউনিয়নের বাইরে এবং আর্কটিক অঞ্চলে রাশিয়ার সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে।

ফ্রান্স ইতিপূর্বে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশকেও তাদের পারমাণবিক প্রতিরক্ষা কাঠামোর আওতায় আনার প্রস্তাব দেয়। এর আগে পোল্যান্ড ও লিথুয়ানিয়াও এই সহযোগিতায় যুক্ত হয় বলে জানা যায়।

তবে নরওয়ের প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, দেশটির দীর্ঘদিনের পারমাণবিক নীতি অপরিবর্তিত থাকবে এবং শান্তিকালীন সময়ে নরওয়ের ভূখণ্ডে কোনো পারমাণবিক অস্ত্র মোতায়েন বা মজুদ করা হবে না।

বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ ইউরোপীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সমন্বিত ও শক্তিশালী করার পাশাপাশি বৈশ্বিক শক্তির ভারসাম্যে নতুন আলোচনার জন্ম দেবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
“সবাই ফেরেশতা হয়ে গেছে”—ভাড়া প্রসঙ্গে এনসিপি মুখপাত্র

“সবাই ফেরেশতা হয়ে গেছে”—ভাড়া প্রসঙ্গে এনসিপি মুখপাত্র