বাণিজ্যিক গোপন তথ্য (ট্রেড সিক্রেট) চুরির অভিযোগে চলমান আইনি লড়াইয়ে ওপেনএআইর বিরুদ্ধে প্রাথমিক নিষেধাজ্ঞা (প্রিলিমিনারি ইনজাংশন) জারির আবেদন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। যুক্তরাষ্ট্রের একটি আদালতে দাখিল করা আবেদনে অ্যাপল দাবি করেছে, আদালত যেন ওপেনএআই এবং তাদের প্রতিষ্ঠানে যোগ দেওয়া অ্যাপলের দুই সাবেক কর্মীকে কোম্পানির গোপন তথ্য ব্যবহার, সংগ্রহ বা প্রকাশ করা থেকে বিরত রাখে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩ আগস্ট) আদালতে আবেদনটি জমা দেয় অ্যাপল। একই সঙ্গে মামলার দ্রুত তদন্তের স্বার্থে প্রয়োজনীয় নথি সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের অনুমতিও চেয়েছে প্রতিষ্ঠানটি।
গত মাসে অ্যাপল ওপেনএআই এবং তাদের কাছে যোগ দেওয়া অ্যাপলের দুই সাবেক কর্মী—চ্যাং লিউ ও ট্যাং ইউ ট্যানের বিরুদ্ধে মামলা করে। অভিযোগে বলা হয়, তারা অ্যাপলের গোপন প্রযুক্তিগত তথ্য ব্যবহার করে ওপেনএআইর ভোক্তাপণ্যভিত্তিক হার্ডওয়্যার প্রকল্পকে সুবিধা দিচ্ছেন।
চ্যাং লিউ অ্যাপলের সাবেক সিনিয়র সিস্টেম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে ট্যাং ইউ ট্যান আইফোন ও অ্যাপল ওয়াচের পণ্য নকশা বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আদালতের কাছে অ্যাপল আরও অনুরোধ করেছে, এই দুই সাবেক কর্মীর পাশাপাশি ওপেনএআইর কর্মী ইউ-টিং পেং এবং অ্যাপলের সাবেক আরেক কর্মী, যিনি বর্তমানে ওপেনএআইতে কর্মরত, তাদের সাক্ষ্য গ্রহণের অনুমতি দেওয়া হোক। এছাড়া ওপেনএআই এবং তাদের বাণিজ্যিক সহযোগী আইও প্রডাক্ট-এর প্রতিনিধিদের জিজ্ঞাসাবাদের আবেদনও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আবেদনে অ্যাপল বলেছে, আদালত দ্রুত নিষেধাজ্ঞা না দিলে কোম্পানিটি অপূরণীয় ক্ষতির মুখে পড়তে পারে। তবে ওপেনএআই এসব অভিযোগ অস্বীকার করেছে। এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যাপলের অভিযোগ ভুল তথ্যের ওপর ভিত্তি করে করা হয়েছে এবং তাদের কাছে অ্যাপলের কোনো ট্রেড সিক্রেট নেই। ভবিষ্যতেও এমন তথ্য ব্যবহার বা সংগ্রহের কোনো ইচ্ছা তাদের নেই বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।
বিশ্লেষকদের মতে, এই মামলা ভবিষ্যতের এআইনির্ভর হার্ডওয়্যার ডিভাইস বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বড় ধরনের আইনি লড়াইয়ে রূপ নিতে পারে। ধারণা করা হচ্ছে, ওপেনএআই এমন একটি স্মার্ট ডিভাইস বা ফোন নিয়ে কাজ করছে, যা প্রচলিত অ্যাপ বা অপারেটিং সিস্টেমের ওপর নির্ভরশীল নাও হতে পারে। এমন প্রযুক্তি সফল হলে আইফোনের জন্য নতুন প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি হতে পারে।
কসমিক ডেস্ক