জাতিসংঘে বাংলাদেশের আরেক গৌরব, ইউএনএএমএ প্রধান রাবাব ফাতিমা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জাতিসংঘে বাংলাদেশের আরেক গৌরব, ইউএনএএমএ প্রধান রাবাব ফাতিমা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2026 ইং
জাতিসংঘে বাংলাদেশের আরেক গৌরব, ইউএনএএমএ প্রধান রাবাব ফাতিমা ছবির ক্যাপশন:

বাংলাদেশের অভিজ্ঞ কূটনীতিক রাবাব ফাতিমা আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (UNAMA) প্রধান এবং আফগানিস্তানবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই গুরুত্বপূর্ণ নিয়োগের ঘোষণা দিয়েছেন।

বুধবার (১৫ জুলাই) জাতিসংঘের মুখপাত্রের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, রাবাব ফাতিমা কিরগিজস্তানের রোজা ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হচ্ছেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কূটনীতি, নীতিনির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা এবং বহুপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতার ভিত্তিতেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

বর্তমানে রাবাব ফাতিমা জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং স্বল্পোন্নত দেশ (LDC), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (LLDC) ও উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর (SIDS) উচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২২ সালের জুন থেকে তিনি এ দায়িত্বে রয়েছেন।

এর আগে তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘে দায়িত্ব পালনকালে তিনি শান্তিবিনির্মাণ কমিশনের সভাপতি, ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতি এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সহসভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করেন।

তার কর্মজীবনে আরও রয়েছে ইউনিসেফের নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্ব এবং ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএসের নির্বাহী বোর্ডের সহসভাপতির দায়িত্ব পালন। আন্তর্জাতিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং বৈশ্বিক নীতিনির্ধারণে তার সক্রিয় ভূমিকা বিশ্বব্যাপী স্বীকৃত।

১৯৮৯ সালে বাংলাদেশ পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়ার মাধ্যমে তার কূটনৈতিক জীবন শুরু হয়। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ছাড়াও নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং কলকাতা ও বেইজিংয়ে বাংলাদেশ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া কমনওয়েলথ সচিবালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এও তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের নেতৃত্ব গ্রহণের মাধ্যমে রাবাব ফাতিমা বিশ্বের অন্যতম জটিল মানবিক ও কূটনৈতিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এই নিয়োগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা ও গ্রহণযোগ্যতার একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর পুঠিয়ায়  মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট

রাজশাহীর পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট