২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান ফুটবল তারকা Mesut Özil হঠাৎ ঢাকায় এসে উপস্থিত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন তিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জানা গেছে, দেশে যখন নতুন সরকারের শপথ ও মন্ত্রিসভা গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে, সেই সময় অনেকটা নীরবে বাংলাদেশে আসেন এই বিশ্বকাপজয়ী তারকা। তার আগমন নিয়ে আগে থেকে তেমন প্রচার না থাকায় বিষয়টি চমক সৃষ্টি করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, তুরস্ক সরকারের আওতাধীন ‘টিকা’ (TIKA) নামের একটি উন্নয়ন প্রকল্প শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে সহায়তা করছে। মূলত এই প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানেই ঢাবিতে আসেন ওজিল।
ডাকসু সম্পাদক মিনহাজ জানিয়েছেন, এ পর্যন্ত প্রকল্পের মাধ্যমে প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এই অর্থ মেডিকেল সেন্টারের অবকাঠামো উন্নয়ন ও সেবার মানোন্নয়নে ব্যয় করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সহযোগিতার ফলে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তাদের জন্য স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামোগত উন্নয়ন মেডিকেল সেন্টারের কার্যকারিতা বাড়াবে বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশে পৌঁছান ওজিল। ঢাবিতে প্রকল্প উদ্বোধনের পর আগামীকাল তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। আসন্ন রমজান উপলক্ষে সেখানে একটি ইফতার মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে তার। মানবিক কর্মকাণ্ডে আগ্রহী হিসেবে পরিচিত এই ফুটবল তারকার সফরের অংশ হিসেবে রোহিঙ্গাদের সঙ্গে সাক্ষাৎ ও তাদের পরিস্থিতি পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, রোহিঙ্গা ক্যাম্পে কর্মসূচি শেষ করে রাতেই দেশ ছাড়বেন তিনি।
উল্লেখ্য, ২০১৪ সালে জার্মানির হয়ে বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান মেসুত ওজিল। ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে সম্পৃক্ত থাকার কারণেও তিনি আলোচিত।
তার এই সংক্ষিপ্ত সফর ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।