দীর্ঘদিনের অনিশ্চয়তা ও সেন্সর জটিলতার পর অবশেষে মুক্তির পথে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়াগান’ (Jana Nayagan)। এটি বিজয়ের অভিনয়জীবনের শেষ সিনেমা হিসেবে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল। ফলে ছবিটি ঘিরে ভক্তদের আগ্রহ ও প্রত্যাশা শুরু থেকেই তুঙ্গে।
ভারতীয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড লাইফ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটি খুব শিগগিরই সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর ছাড়পত্র পেতে পারে। সেন্সর অনুমোদন মিললে চলতি মাসেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির সম্ভাবনা রয়েছে।
প্রথমে গত জানুয়ারিতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও সেন্সর সার্টিফিকেশন সংক্রান্ত জটিলতার কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। তবে মুক্তি পিছিয়ে গেলেও দর্শকদের আগ্রহ কমেনি। নির্মাতাদের তথ্য অনুযায়ী, মুক্তির আগেই ছবিটির প্রায় এক কোটি রুপির অগ্রিম টিকিট বুকিং সম্পন্ন হয়েছিল, যা সিনেমাটি নিয়ে দর্শকদের উন্মাদনারই প্রমাণ।
প্রতিবেদন অনুযায়ী, প্রযোজনা প্রতিষ্ঠান জুলাই মাসের ১৬, ২৩ অথবা ৩১ জুলাই—এই তিনটি সম্ভাব্য তারিখ বিবেচনা করছে। তবে ৩১ জুলাই মুক্তির সম্ভাবনা তুলনামূলক কম। কারণ ওই দিন বিজয়ের ছেলে জেসন সঞ্জয় পরিচালিত প্রথম সিনেমা ‘সিগমা’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। জুলাইয়ে মুক্তি সম্ভব না হলে ৭ আগস্ট নতুন সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
রাজনীতিতে পূর্ণ সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর বিজয় ঘোষণা করেছিলেন, ‘জন নায়াগান’-ই হবে তাঁর ক্যারিয়ারের শেষ চলচ্চিত্র। তবে চলতি বছরের ৯ এপ্রিল নির্বাচনের আগে সিনেমাটির একটি এইচডি প্রিন্ট অনলাইনে ফাঁস হয়ে যায়। পরে পুলিশ জড়িতদের গ্রেপ্তার করলেও সেই ঘটনার কারণে নির্মাতাদের নতুন করে নানা জটিলতার মুখে পড়তে হয়।
বড় বাজেটের এই প্যান-ইন্ডিয়ান সিনেমায় থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিতা বাইজু এবং ববি দেওল। বিজয়ের রাজনৈতিক অধ্যায়ের সূচনার আগে তাঁর বিদায়ী চলচ্চিত্র হিসেবে ‘জন নায়াগান’ এখন ভারতীয় সিনেমাপ্রেমীদের অন্যতম প্রতীক্ষিত মুক্তিগুলোর একটি।
কসমিক ডেস্ক