নিউ স্টার্ট চুক্তি বাড়াতে নারাজ ট্রাম্প, পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নিউ স্টার্ট চুক্তি বাড়াতে নারাজ ট্রাম্প, পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
নিউ স্টার্ট চুক্তি বাড়াতে নারাজ ট্রাম্প, পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান ছবির ক্যাপশন:

কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ওপর সদ্য মেয়াদোত্তীর্ণ সীমা স্বেচ্ছায় বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে প্রস্তাব দিয়েছিল রাশিয়া। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরোনো ‘নিউ স্টার্ট’ চুক্তির মেয়াদ বাড়ানোর পরিবর্তে তিনি নতুন ও আধুনিক একটি পারমাণবিক চুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেন, নিউ স্টার্ট চুক্তিটি যুক্তরাষ্ট্রের জন্য ‘খারাপভাবে আলোচিত’ ছিল এবং সেটি ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে। তিনি বলেন, পুরোনো চুক্তি বাড়ানোর বদলে উভয় দেশের পারমাণবিক বিশেষজ্ঞদের নিয়ে একটি নতুন, আধুনিক ও দীর্ঘমেয়াদি চুক্তি করা উচিত।

ট্রাম্প এর আগে জানিয়েছেন, তিনি নতুন চুক্তিতে চীনকেও অন্তর্ভুক্ত করতে চান। তবে বেইজিং এই বিষয়ে খুব বেশি আগ্রহ দেখায়নি। বিশ্লেষকদের মতে, চীনকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ বাস্তবায়ন করা কঠিন হতে পারে, কারণ চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার তুলনামূলকভাবে কম হলেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটি দ্রুত আধুনিকায়নের পথে এগিয়েছে।

নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিশাল পারমাণবিক অস্ত্রভাণ্ডারের ওপর কার্যকর কোনো আন্তর্জাতিক সীমা এখন আর রইল না। ফলে নতুন করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা দেখা দিয়েছে এবং বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ে উদ্বেগ বেড়েছে।

গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, যুক্তরাষ্ট্র রাজি হলে রাশিয়া আরও এক বছর নিউ স্টার্ট চুক্তির শর্ত মেনে চলতে প্রস্তুত। তবে ওয়াশিংটন সেই প্রস্তাবে সাড়া দেয়নি। যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল, এই চুক্তি রাশিয়া ও চীনের বিরুদ্ধে আরও ক্ষেপণাস্ত্র মোতায়েনের সক্ষমতা সীমিত করছে।

চুক্তির মেয়াদ শেষ হওয়ায় রাশিয়া দুঃখ প্রকাশ করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পারমাণবিক স্থিতিশীলতার প্রশ্নে রাশিয়া ‘দায়িত্বশীল ও সতর্ক’ নীতি অনুসরণ করবে। তবে তিনি বলেন, রাশিয়ার জাতীয় স্বার্থই সেখানে প্রধান বিবেচ্য হবে।

এদিকে আলজাজিরার ওয়াশিংটন প্রতিনিধি শিহাব রাত্তানসি জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আবুধাবিতে থাকা মার্কিন ও রুশ প্রতিনিধিদল ছয় মাসের জন্য নিউ স্টার্ট চুক্তি বাড়ানোর বিষয়েও অনানুষ্ঠানিকভাবে আলোচনা করেছে। তবে চুক্তির কাঠামো অনুযায়ী আনুষ্ঠানিকভাবে আর মেয়াদ বাড়ানোর সুযোগ নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে উত্তেজনা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোর ভবিষ্যৎ নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এর আগে ইউক্রেনকে পশ্চিমা সহায়তার জবাবে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দেওয়ায় আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছিল।

উল্লেখ্য, প্রথম স্টার্ট চুক্তি ১৯৯১ সালে যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়। পরে ২০১০ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ নিউ স্টার্ট চুক্তিতে সই করেন। এই চুক্তির আওতায় উভয় দেশকে সর্বোচ্চ ১ হাজার ৫৫০টি পারমাণবিক ওয়ারহেড এবং ৭০০টি ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমান মোতায়েনের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমঝোতায় চুক্তির মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভারতে খেলতে অস্বীকৃতি জানাল বাংলাদেশ, আইসিসিকে আনুষ্ঠানিক চি

ভারতে খেলতে অস্বীকৃতি জানাল বাংলাদেশ, আইসিসিকে আনুষ্ঠানিক চি