ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার ভোরে চার মাস বয়সী ওই শিশুটি মারা যায়। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, শিশুটির বাড়ি ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায়।
রবিবার সকালে হাসপাতালের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি বছরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৪৭ শিশুর মৃত্যু হয়েছে।
হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৯৩১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়েছে ১ হাজার ৭৮৩ জন।
স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, শিশুদের মধ্যে হামজনিত উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি, কাশি, সর্দি কিংবা চোখ লাল হওয়ার মতো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশু রোগীদের চিকিৎসা অব্যাহত রয়েছে। রোগীর চাপ বৃদ্ধি পেলেও চিকিৎসাসেবা সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সাম্প্রতিক সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা বাড়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করছেন।
কসমিক ডেস্ক