শক্তিশালী টাইফুন নউলের আঘাতে চীনের দক্ষিণাঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টাইফুনের প্রভাবে গুয়াংডং প্রদেশ ও হংকংয়ে প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় গুয়াংডং প্রদেশ থেকে সাত লাখ ১৫ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, রোববার (২৬ জুলাই) ভোরে টাইফুন নউল গুয়াংডং প্রদেশের হুইদং কাউন্টির উপকূলে আঘাত হানে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, এটি চলতি বছরে চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন।
হংকং অবজারভেটরি জানায়, টাইফুনটির কেন্দ্রের কাছে ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। স্থলভাগে প্রবেশের পর এটি কিছুটা দুর্বল হলেও প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত এখনো অব্যাহত রয়েছে।
দুর্যোগের প্রভাবে হংকংয়ে প্রায় ৩৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া অন্তত নয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুয়াংডংয়ের উপকূলীয় এলাকায় ঝড়ের তাণ্ডবে বহু গাছ উপড়ে পড়েছে এবং বিভিন্ন স্থানে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।
আবহাওয়া কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, দক্ষিণ গুয়াংডং ও ফুজিয়ান প্রদেশের বেশ কয়েকটি এলাকায় আগামী সময়েও ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে। ফলে সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
চীনের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসনও উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে, যাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়।
কসমিক ডেস্ক