রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নগরজুড়ে গাছ লাগানোর উদ্বোধন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নগরজুড়ে গাছ লাগানোর উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 3, 2026 ইং
রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নগরজুড়ে গাছ লাগানোর উদ্বোধন ছবির ক্যাপশন: রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে সড়ক ও ফুটপাতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রাজশাহী মহানগরীতে পরিবেশ উন্নয়ন ও নগর সবুজায়নের লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে নগরীর চৌদ্দপাই এলাকায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে ফুটপাত ও সড়ক বিভাজকে গাছ রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

এই কর্মসূচির আওতায় আগামী এক বছরে রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়কের আইল্যান্ড, ফুটপাত এবং ৩০টি ওয়ার্ডের উন্মুক্ত স্থানে মোট প্রায় ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে প্রায় ৫৩ হাজার গাছ রোপণের কাজ শুরু হয়েছে।

কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ফুল ও ওষুধি গাছ লাগানো হবে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাগুলোকে এই পরিকল্পনার আওতায় আনা হয়েছে। এর মধ্যে রয়েছে তালাইমারী থেকে কাটাখালী সীমানা, আমচত্বর থেকে নওহাটা ব্রিজ, দাশপুকুর মোড় থেকে কাশিয়াডাঙ্গা, কোর্ট ঢালুর মোড় থেকে কাঁঠালবাড়িয়া, বিমানচত্বর থেকে বিহাস, ভদ্রা থেকে নওদাপাড়া নতুন বাস টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রুট।

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন বলেন, নগরজুড়ে সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে রাজশাহীতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটি ধারাবাহিকভাবে চলবে।

তিনি আরও বলেন, শুধু গাছ লাগানোই নয়, গাছগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করা হবে। নিয়মিত পানি দেওয়া এবং রক্ষণাবেক্ষণের জন্য সিটি করপোরেশনের পরিবেশকর্মীরা কাজ করবে। পাশাপাশি নগরবাসীকেও গাছের পরিচর্যায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগান এবং তা যত্নসহকারে বড় করুন। তবেই রাজশাহীকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা সম্ভব হবে।”

অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজশাহীতে পরিবেশ সচেতনতা বাড়বে এবং নগরীর সবুজ আচ্ছাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নতুন পাঠ্যবইয়ে যুক্ত হলো ভোটারবিহীন নির্বাচন ও ভোট ডাকাতির ই

নতুন পাঠ্যবইয়ে যুক্ত হলো ভোটারবিহীন নির্বাচন ও ভোট ডাকাতির ই