বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। পবিত্র রমজান মাসে ইফতার, তারাবি ও সেহেরির সময় যাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
রবিবার (৮ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী।
তিনি বলেন, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। এর অংশ হিসেবে রবিবার সকাল ১১টার দিকে একটি তেলবাহী জাহাজ দেশে এসে পৌঁছেছে। এছাড়া একই দিনে আরও একটি জাহাজ আসার কথা রয়েছে বলে জানান তিনি।
এদিকে চট্টগ্রাম বন্দরে একাধিক জ্বালানিবাহী জাহাজ ইতোমধ্যে নোঙর করেছে। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এলএনজি ও এলপিজি বহনকারী মোট আটটি জাহাজ বন্দরে এসে পৌঁছেছে। পাশাপাশি তেলবাহী জাহাজও আসছে।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, এসব জাহাজের অধিকাংশই মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর আগেই হরমুজ প্রণালি অতিক্রম করেছিল। রবিবার সকালে জ্বালানিবাহী আটটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে নোঙর করে। তিনি বলেন, জাহাজগুলো গত ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালি পার হয়েছিল এবং এখন বন্দরে এসে পৌঁছেছে।
সম্প্রতি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে বৈশ্বিক পরিস্থিতির প্রভাব নিয়ে দেশেও কিছু উদ্বেগ তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে গত শুক্রবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) তেল বিক্রির ক্ষেত্রে একটি সীমা নির্ধারণ করে। বৈশ্বিক বাজারে সম্ভাব্য সরবরাহ সংকটের আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নেওয়া হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে সরকার জনগণকে আশ্বস্ত করে বলছে, দেশে জ্বালানির কোনো সংকট নেই। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত আমদানি কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে যেন কোনো সমস্যা না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে রমজান মাসে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক রাখতে বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল রাখা গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ইফতার, তারাবি ও সেহেরির সময় বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে বর্তমানে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
কসমিক ডেস্ক