রাজধানীর মিরপুর এলাকায় গুরুত্বপূর্ণ ক্রীড়া ও প্রশাসনিক কার্যক্রমকে কেন্দ্র করে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা সড়কে আগামী চার দিন ১০ ঘণ্টা করে যান চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
শনিবার (৬ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ও ওয়ানডে সিরিজের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্ধারিত সূচি অনুযায়ী, ৭ জুন অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৯ জুন, ১১ জুন এবং ১৪ জুন যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই দিনগুলোতে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রশিকা সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
ডিএমপি জানিয়েছে, গুরুত্বপূর্ণ ক্রীড়া আয়োজন ও জাতীয় নির্বাচন কার্যক্রম নির্বিঘ্নভাবে সম্পন্ন করার জন্য এই ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে নগরবাসীর নিরাপত্তা ও যানজট ব্যবস্থাপনা নিশ্চিত করাও এর উদ্দেশ্য।
বিকল্প রুট হিসেবে মিরপুর-১ গামী যানবাহনগুলোকে প্রশিকা ক্রসিং, শিয়ালবাড়ি ক্রসিং, রাইনখোলা ও ঈদগাহ মাঠ হয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। যানজট এড়াতে সংশ্লিষ্ট এলাকার চালক ও সাধারণ মানুষকে এই বিকল্প পথ ব্যবহার করার অনুরোধ জানিয়েছে পুলিশ।
ডিএমপি আরও জানিয়েছে, জনস্বার্থে এবং আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজন সফল করতে সাময়িক এই অসুবিধা মেনে নেওয়ার জন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকল কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হবে।
কসমিক ডেস্ক