ইনকিলাব মঞ্চের কর্মসূচির পর শাহবাগে নিরাপত্তা জোরদার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইনকিলাব মঞ্চের কর্মসূচির পর শাহবাগে নিরাপত্তা জোরদার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 7, 2026 ইং
ইনকিলাব মঞ্চের কর্মসূচির পর শাহবাগে নিরাপত্তা জোরদার ছবির ক্যাপশন:

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার পর রাজধানীর শাহবাগ, কাকরাইল ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই এসব এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

সরেজমিনে দেখা গেছে, শাহবাগ মোড়, কাকরাইল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও আশপাশের এলাকায় সারি সারি জলকামান প্রস্তুত রাখা হয়েছে। তবে সকাল পর্যন্ত এসব এলাকায় কোনো ব্যারিকেড বসানো হয়নি। নিরাপত্তা জোরদারের পাশাপাশি এলাকাগুলোতে টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে।

এদিকে, অন্যান্য দিনের তুলনায় শনিবার সকাল থেকে এসব এলাকায় যান চলাচল তুলনামূলক কম ছিল। পথচারীদের উপস্থিতিও ছিল সীমিত।

উল্লেখ্য, হাদি হত্যার বিচার দাবিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন। পরে তারা যমুনার দিকে অগ্রসর হলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেয়। একপর্যায়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে পুরো এলাকা ধাওয়া-পাল্টাধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয়।

এই সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ কয়েকজন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পরবর্তীতে বিকেল আনুমানিক ৫টার দিকে রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সেখানে আবারও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত অবস্থায় ভিডিও বার্তায় আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, নির্বাচন বানচাল করতেই এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুন্দরবনে পর্যটন কার্যক্রম স্থবির, বিপাকে পর্যটকরা

সুন্দরবনে পর্যটন কার্যক্রম স্থবির, বিপাকে পর্যটকরা