ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকায় ৫.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে।
রোববার (১৯ জুলাই) প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের আশপাশের গ্রামগুলোতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এদিকে দেশটিতে টানা অষ্টম দিনের মতো সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের একাধিক অঞ্চল ও দ্বীপকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এর ফলে কয়েকটি স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বন্দর আব্বাসের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।
অন্যদিকে, তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এটি ক্ষেপণাস্ত্র হামলা নাকি অন্য কোনো ঘটনার ফল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একই প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ৩৮ মিনিটের দিকে কেশম দ্বীপের কয়েকটি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্বীপটির একাধিক স্থানে হামলার ঘটনা ঘটেছে।
তবে বিস্ফোরণ ও হামলার ঘটনাগুলোর বিষয়ে এখনো স্বাধীনভাবে নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তদন্ত অব্যাহত রেখেছে।
কসমিক ডেস্ক