নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দায়িত্ব গ্রহণ করেছেন। এ পদে নিয়োগের পূর্বে তিনি এপিবিএন-এর অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করে মো. আলী হোসেন ফকিরকে আইজিপি পদে নিয়োগ দেয়।
মো. আলী হোসেন ফকির ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা ও ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ডিআইজি হিসেবে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স এবং এসপিবিএন-এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিকভাবে তিনি কসোভো ও আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেছেন, যেখানে তাঁর দক্ষতা ও সুনাম আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এছাড়া তিনি সরকারি দায়িত্ব পালন ও প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্র, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন।
বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি। এছাড়া তিনি ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের আহ্বায়ক এবং অফিসার্স ক্লাব ঢাকা ও খুলনা ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মো. আলী হোসেন ফকির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম (অনার্স) ও এমকম এবং এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার সদর থানাধীন একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক।
আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মো. আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের শৃঙ্খলা ও কার্যকারিতা বৃদ্ধির পাশাপাশি দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তার অভিজ্ঞতা ও দীর্ঘ সেবা বাংলাদেশের পুলিশ প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ একটি সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে।
নতুন আইজিপির দায়িত্ব গ্রহণের মাধ্যমে পুলিশ প্রশাসনে নতুন নেতৃত্বের আসা আশা করা হচ্ছে, যা দেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থা আরও শক্তিশালী করবে।
কসমিক ডেস্ক