পাহাড়ি ঢল ও টানা ভারি বৃষ্টির প্রভাবে দেশের তিনটি গুরুত্বপূর্ণ নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। এতে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ১৪ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।
মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ, সুরমা নদী সুনামগঞ্জের ছাতক ও মারকুলি এবং সোমেশ্বরী নদী নেত্রকোনার কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এবং ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের উজান এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন নদ-নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় এসব নদীর পানি আরও বাড়তে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলে আকস্মিক বা স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
এদিকে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা নদীর পানি বাড়লেও কুশিয়ারার পানি সামান্য কমেছে। তবে আগামী তিন দিনে দুই নদীর পানিই আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে অথবা বিদ্যমান বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।
অন্যদিকে ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদীর পানি বাড়লেও পদ্মা নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে। আগামী চার দিনে এসব নদীর পানিও বৃদ্ধি পেতে পারে। এতে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের আত্রাই, টাঙ্গন, পুনর্ভবা, মহানন্দা, যমুনেশ্বরী ও ঘাঘট নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নওগাঁ ও নাটোর জেলার কিছু এলাকায় আত্রাই ও ছোট যমুনা নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা ও প্লাবনের আশঙ্কা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
কসমিক ডেস্ক