জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি যদি জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার পথে না এগোয়, তাহলে দেশে আবারও ফ্যাসিবাদী শাসন ফিরে আসার আশঙ্কা রয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, গণভোটের আগে বিএনপি জুলাই জাতীয় সনদের পক্ষে অবস্থান নিলেও ভোটের পর সেই অবস্থান থেকে সরে এসেছে। তার ভাষ্য অনুযায়ী, এ কারণে গণভোটের উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন আগে অনুষ্ঠিত না হওয়ার পেছনে বিএনপির ভূমিকা রয়েছে বলে তাদের অভিযোগ। পাশাপাশি তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সংবিধান সংস্কার এবং ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়েও বক্তব্য দেন।
জামায়াতের এই নেতা দাবি করেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন করা প্রয়োজন। অন্যথায় জনগণের দাবিতে রাজপথে কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবদুর রহিমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা, পাশাপাশি এবি পার্টি, এনসিপিসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কসমিক ডেস্ক