আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছেন রেফারিরা, অভিযোগ ফিলিপে মেলোর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছেন রেফারিরা, অভিযোগ ফিলিপে মেলোর

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছেন রেফারিরা, অভিযোগ ফিলিপে মেলোর ছবির ক্যাপশন:

চলমান বিশ্বকাপে রেফারিং নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবার সেই বিতর্কে নতুন করে আগুন জ্বালালেন ব্রাজিলের সাবেক ফুটবলার ফিলিপে মেলো। তার দাবি, টুর্নামেন্টজুড়ে রেফারিরা আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছেন। যদিও একই অনুষ্ঠানে উপস্থিত আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার আন্দ্রেস ডি'আলেসান্দ্রো এই অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন।

ব্রাজিলের জনপ্রিয় সম্প্রচারমাধ্যম গ্লোবো-র এক অনুষ্ঠানে অংশ নিয়ে ফিলিপে মেলো বলেন, আর্জেন্টিনা শক্তিশালী দল এবং সেমিফাইনালে ওঠার যোগ্যতা তারা নিজেদের পারফরম্যান্সেই অর্জন করেছে। তবে তার মতে, কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তে রেফারিদের সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষেই গেছে।

মেলো বলেন, "আমার মতে, রেফারিরা নিশ্চিতভাবেই আর্জেন্টিনাকে সুবিধা দিচ্ছেন। মেসি যে ফাউলটি করেছিলেন, সেটির জন্য তাকে লাল কার্ড দেখানো হয়নি। মাঠে থাকতে পারায় আর্জেন্টিনা বড় সুবিধা পেয়েছে। পাশাপাশি মিসরের বিপক্ষে বাতিল হওয়া গোলের সিদ্ধান্তটিও আমার কাছে সঠিক মনে হয়নি।"

তিনি আরও দাবি করেন, একই ধরনের ফাউল যদি ব্রাজিল বা অন্য কোনো দেশের খেলোয়াড় করতেন, তাহলে হয়তো লাল কার্ড দেখেই মাঠ ছাড়তে হতো। উদাহরণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের প্রসঙ্গ টেনে বলেন, একই মানদণ্ড সব দলের ক্ষেত্রে প্রয়োগ হয়নি।

ব্রাজিল-আর্জেন্টিনার দীর্ঘদিনের ফুটবল প্রতিদ্বন্দ্বিতার প্রসঙ্গ তুলে মেলো বলেন, "প্রতিপক্ষের সেরা খেলোয়াড়—যিনি এই গ্রহেরই নন—তাকে যদি মাঠ থেকে বের করে দেওয়া না হয়, তাহলে আর্জেন্টিনা অবশ্যই বাড়তি সুবিধা পাবে।"

তবে অনুষ্ঠানে উপস্থিত আন্দ্রেস ডি'আলেসান্দ্রো এই অভিযোগের সঙ্গে একমত হননি। তার ভাষ্য, আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেওয়ার যে আলোচনা চলছে, সেটি মূলত মানুষের ধারণা, বাস্তবতার প্রমাণ নয়।

ডি'আলেসান্দ্রো বলেন, "আমি বিশ্বাস করি না যে ফিফা আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিচ্ছে। তবে চারদিকে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে, ফিফা নাকি আর্জেন্টিনাকে সহায়তা করছে এবং সেই কারণেই তারা ফাইনালে উঠবে ও বিশ্বচ্যাম্পিয়ন হবে।"

তবে তিনি মেসির একটি বিতর্কিত ফাউলের প্রসঙ্গে কিছুটা ভিন্ন অবস্থান নেন। তার মতে, ওই ঘটনাটি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR)-এর মাধ্যমে আরও বিস্তারিতভাবে পর্যালোচনা করা যেতে পারত।

তিনি বলেন, "আমি আগেও বলেছি, মেসির প্রথম ফাউলটি ভিএআরের মাধ্যমে আরও গভীরভাবে দেখা উচিত ছিল। তবে বাকি ঘটনাগুলো ছিল নির্দিষ্ট ম্যাচের পরিস্থিতি ও রেফারির সিদ্ধান্তের অংশ। ফুটবলে এমন ঘটনা খুব বেশি দেখা যায় না।"

বিশ্বকাপের নকআউট পর্বে একাধিক ম্যাচে রেফারিং নিয়ে সমর্থক, সাবেক ফুটবলার ও বিশ্লেষকদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচগুলোতে নেওয়া কয়েকটি সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও তুমুল বিতর্ক চলছে। যদিও ফিফার পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

এদিকে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে রেফারিং বিতর্ক নতুন মাত্রা পেলেও মাঠের লড়াইয়েই সব প্রশ্নের উত্তর দিতে চাইবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলপিজির দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী

এলপিজির দাম নিয়ে সুখবর দিলেন বাণিজ্যমন্ত্রী