রাজধানীজুড়ে পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৮৯টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন বিভাগের অভিযানে রমনা বিভাগ থেকে ৪৪ জন, লালবাগ বিভাগ থেকে ১৯ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৫ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ৮২ জন, মিরপুর বিভাগ থেকে ৯৬ জন, গুলশান বিভাগ থেকে ৩৪ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৫ জনকে আটক করা হয়েছে।
অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ১ কেজি ৩৫৫ গ্রাম গাঁজা, ১০ হাজার ৫২৪ পিস ইয়াবা এবং ৫৩ গ্রাম হেরোইন। এছাড়া একটি শর্টগান, একটি ছুরি, একটি রড, একটি স্ক্রু ড্রাইভার, একটি হেক্সো ব্লেড, একটি ল্যাপটপ, একটি এসএসডি, ১৫টি মোবাইল ফোন, ১৬০টি সিম কার্ড, একটি প্রাইভেটকার, একটি ট্রাক, একটি স্কুল ব্যাগ এবং নগদ ২ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশের অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এসব অভিযানে মাদকদ্রব্য, অস্ত্র এবং অপরাধে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
কসমিক ডেস্ক