বেলুচিস্তানে সেনা কনভয়ে হামলার দাবি, ৪৫ সেনা নিহতের তথ্য ঘিরে ভিন্নমত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বেলুচিস্তানে সেনা কনভয়ে হামলার দাবি, ৪৫ সেনা নিহতের তথ্য ঘিরে ভিন্নমত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 17, 2026 ইং
বেলুচিস্তানে সেনা কনভয়ে হামলার দাবি, ৪৫ সেনা নিহতের তথ্য ঘিরে ভিন্নমত ছবির ক্যাপশন:

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর একটি কনভয়ে হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। স্থানীয় সংবাদমাধ্যম দ্য বেলুচিস্তান পোস্ট দাবি করেছে, হামলায় অন্তত ৪৫ জন সেনাসদস্য নিহত হয়েছেন। তবে এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং পাকিস্তান সেনাবাহিনীও এখন পর্যন্ত আনুষ্ঠানিক হতাহতের সংখ্যা প্রকাশ করেনি।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার বেলুচিস্তানের মাস্তুং এলাকার কাছে নিরাপত্তা বাহিনীর কনভয়ের ওপর অতর্কিত হামলা চালানো হয়। বিএলএ হামলার দায় স্বীকার করে জানায়, তাদের বিশেষ ইউনিট ‘ফাতেহ স্কোয়াড’ এই সমন্বিত অভিযান পরিচালনা করেছে।

বিএলএর মুখপাত্র জিয়ান্দ বেলুচ এক বিবৃতিতে দাবি করেন, সংগঠনের যোদ্ধারা নিরাপত্তা বাহিনীর কনভয়, নিরাপত্তা এসকর্ট এবং হামলার পর ঘটনাস্থলে পৌঁছানো অতিরিক্ত সেনা সদস্যদের লক্ষ্য করে আক্রমণ চালায়। তার দাবি অনুযায়ী, বিবৃতি প্রকাশের সময়ও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী হামলার ঘটনা নিশ্চিত করলেও এখন পর্যন্ত নিহত বা আহতের আনুষ্ঠানিক সংখ্যা জানায়নি।

বেলুচিস্তানে সাম্প্রতিক ধারাবাহিক হামলার পর পাকিস্তান সেনাবাহিনী ‘অপারেশন শাবান’ নামে একটি যৌথ অভিযান শুরু করেছে। এই অভিযানে পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কর্পস (এফসি) ও বেলুচিস্তান পুলিশ অংশ নিচ্ছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও বিমান বাহিনীর সহায়তাও নেওয়া হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, জিয়ারত জেলার মাঙ্গি ড্যাম এলাকায় হামলায় ২৭ জন পুলিশ সদস্য এবং লাসবেলায় ১১ জন সেনাসদস্য নিহত হওয়ার পর অভিযানটি শুরু হয়।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, হামলার জন্য দায়ীদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, নিরাপত্তা বাহিনী এ ধরনের হামলার কঠোর জবাব দেবে।

পাকিস্তানের সবচেয়ে বড় হলেও সবচেয়ে কম জনবসতিপূর্ণ প্রদেশ বেলুচিস্তান দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কেন্দ্র হিসেবে পরিচিত। আন্দোলনকারীরা অধিক রাজনৈতিক স্বায়ত্তশাসন এবং প্রদেশের প্রাকৃতিক সম্পদের আয়ে বৃহত্তর অংশীদারিত্বের দাবি জানিয়ে আসছে।

ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী এই প্রদেশে অবস্থিত গওয়াদার গভীর সমুদ্রবন্দর, যা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর গুরুত্বপূর্ণ অংশ। খনিজ সম্পদ ও কৌশলগত অবস্থানের কারণে অঞ্চলটি পাকিস্তানের অর্থনৈতিক ও নিরাপত্তা উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ।

পাকিস্তানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মাঙ্গি ড্যাম এলাকায় হামলার ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে হামলার ঘটনাক্রম পুনর্গঠন, সম্ভাব্য নেতৃত্বগত ব্যর্থতা, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং আইনশৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়গুলো তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে ৬ থেকে ৯ জুলাইয়ের মধ্যে বেলুচিস্তানে তিনটি বড় হামলার ঘটনা ঘটে। পাকিস্তানের দাবি অনুযায়ী, এর মধ্যে একটি হামলা চালায় বিএলএ এবং বাকি দুটি হামলা চালায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। ৭ জুলাইয়ের এক হামলায় ১৮ জন পুলিশ সদস্যকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে পাকিস্তান সেনাবাহিনী জানায়।

এছাড়া ৮ জুলাই লাসবেলা জেলার বেলা-উইন্ডার এলাকার এন-২৫ মহাসড়কে একটি সেনা কনভয়ের ওপর হামলায় একজন জুনিয়র কমিশন্ড কর্মকর্তা (জেসিও) ও ১০ জন সেনাসদস্য নিহত হওয়ার কথা জানায় পাকিস্তান সেনাবাহিনী। তবে বিএলএ দাবি করেছে, ওই হামলায় ১৭ জন সেনাসদস্য নিহত হয় এবং তারা অস্ত্র ও সামরিক সরঞ্জাম জব্দ করে। বিএলএর এই দাবিগুলোও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বাড়ল জ্বালানি তেলের দাম, লিটারপ্রতি ৫ টাকা বেশি গুনতে হবে

বাড়ল জ্বালানি তেলের দাম, লিটারপ্রতি ৫ টাকা বেশি গুনতে হবে