ঝিনাইদহ-৪: স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা, ৪ জন গুরুতর আহত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঝিনাইদহ-৪: স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা, ৪ জন গুরুতর আহত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 ইং
ঝিনাইদহ-৪: স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা, ৪ জন গুরুতর আহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে বাবা-ছেলেসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। ঘটনা ঘটে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের থানা রোডস্থ অফিসে।

আহতরা হলেন: কালীগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, বিএনপি কর্মী খোকন হোসেন ও তার ছেলে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইবন হোসেন। আহতরা সবাই স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সমর্থক।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থী আবু তালিব নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ এবং ধানের শীষের প্রার্থী রাশেদ খান। নির্বাচনে পরাজিত হওয়ার পর শুক্রবার সকালে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর প্রধান কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।

হামলার সময় চারজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। দুই ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়। গুরুতর আহত ইবনকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, “নির্বাচনের পর আমার অফিসে হামলা চালানো হয়েছে। বিষয়টি আগে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যারা হামলা চালিয়েছে তারা চিহ্নিত, কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে না। অবিলম্বে ওসি প্রত্যাহারের দাবি জানাই।”

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
দুই দিন ধরে রাজবাড়ীর ফিলিং স্টেশনে তেল সংকট

দুই দিন ধরে রাজবাড়ীর ফিলিং স্টেশনে তেল সংকট