দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ‘লা রোহা’।
স্পেনের এই ঐতিহাসিক সাফল্যে আনন্দে ভাসছেন দেশটির ক্রীড়াঙ্গনের তারকারাও। টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল পরিবার ও বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ জয় উদযাপন করেন। অন্যদিকে স্টেডিয়ামে উপস্থিত থেকে স্পেনের শিরোপা জয়ের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন চারবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী কার্লোস আলকারাজ।
শিরোপা নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নাদাল লিখেছেন, “চল উদযাপনে মাতি। দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন।” অপরদিকে আলকারাজ লেখেন, “চল এবার আনন্দ করি স্পেন।” ম্যাচ শেষে মাঠে নেমে স্পেনের ফুটবলারদের সঙ্গে উদযাপনেও অংশ নেন তিনি। লামিন ইয়ামালসহ দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ফাইনালের আগেই স্পেনের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন নাদাল। ম্যাচের আগে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আমার বিশ্বাস, আমরা জিতব। ছোটবেলা থেকেই ফুটবল আমার প্রিয় খেলাগুলোর একটি। ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালের অনুভূতি আজও ভুলতে পারিনি। আবারও এমন একটি ঐতিহাসিক ম্যাচ দেখার সুযোগ পাচ্ছি। প্রতিপক্ষ আর্জেন্টিনাকে আমি গভীরভাবে শ্রদ্ধা করি। দলের জন্য শুভকামনা। ভামোস এস্পানিয়া!”
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। অতিরিক্ত সময়েও দুই দলের লড়াই ছিল সমানতালে। তবে ১০৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে জয়সূচক গোলটি করেন স্পেনের ফরোয়ার্ড ফেরান তোরেস। পুরো ম্যাচে বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখানো স্পেন শেষ পর্যন্ত সেই এক গোলেই নিশ্চিত করে কাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপা।
এই জয়ের মাধ্যমে ১৬ বছর পর আবারও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল স্পেন। একই সঙ্গে দেশের ক্রীড়াঙ্গনে আনন্দের নতুন অধ্যায়ের সূচনা হলো, যেখানে ফুটবলের এই ঐতিহাসিক সাফল্য উদযাপনে শামিল হয়েছেন টেনিসের দুই বড় তারকা রাফায়েল নাদাল ও কার্লোস আলকারাজ।
কসমিক ডেস্ক