রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে জামায়াত কখনো তাদের সিদ্ধান্তে স্থির থাকতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খান বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির আগে প্রার্থী ঘোষণা করে জামায়াত আবারও তাদের সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়টি প্রমাণ করেছে। এর আগে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের সময়ও জামায়াত সিদ্ধান্ত পাল্টেছিল বলে অভিযোগ করেন তিনি।
রাশেদ খানের মতে, নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা কম থাকলেও বিরোধী দলের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়া সংসদীয় রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ। রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তকে তাই তিনি স্বাগত জানিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বিরোধী দল হিসেবে কার্যকর ভূমিকা পালন করতে হলে পরাজয়ের সম্ভাবনা থাকলেও নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে হয়।
রোববার দুপুরে ১১ দলীয় জোট রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করে। জোটের বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ তথ্য জানান।
অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েও মন্তব্য করেন রাশেদ খান। তাঁর ধারণা, অলি আহমদ হয়তো জামায়াত-এনসিপির কাছে ‘বোঝা’ হয়ে উঠেছিলেন এবং সে কারণেই তাকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করা হয়েছে। তিনি আরও দাবি করেন, অলি আহমদের নির্বাচনে জয়ের সম্ভাবনা নেই এবং প্রার্থী হওয়ার পর তাঁর জাতীয় রাজনীতিতে সক্রিয় থাকার সুযোগও সীমিত হয়ে যাবে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ক্ষমতাসীন বিএনপি দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে দলটির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। ফলে ২০ আগস্ট অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকলে সংসদে ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।
কসমিক ডেস্ক