আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে বড় ধরনের অনিশ্চয়তায় পড়েছেন সোমালিয়ার শীর্ষ রেফারি ওমর আবদুলকাদির আরতান। যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় তাকে বিশ্বকাপের ম্যাচ পরিচালনাকারী তালিকা থেকে বাদ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
জানা গেছে, কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (ক্যাফ)-এর বর্ষসেরা পুরুষ রেফারি নির্বাচিত হওয়া আরতান বিশ্বকাপে দায়িত্ব পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তবে যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে দেশে প্রবেশে বাধা দেওয়া হয় এবং পরে তিনি তুরস্কে অবস্থান করতে বাধ্য হন।
যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ তার প্রবেশ বাতিলের সুনির্দিষ্ট কোনো কারণ প্রকাশ করেনি। তবে ধারণা করা হচ্ছে, ট্রাম্প প্রশাসনের সময় জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা কিছু দেশের মধ্যে সোমালিয়া অন্তর্ভুক্ত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফিফা এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, আয়োজক দেশের ভিসা ও অভিবাসন নীতির কারণে আরতান বিশ্বকাপে অংশ নিতে পারবেন না। সংস্থাটি জানায়, তারা ভিসা প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপ করতে পারে না এবং চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় আয়োজক দেশের সরকারের হাতেই থাকে।
আরতান ২০১৮ সাল থেকে ফিফা রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আফ্রিকা কাপ অব নেশন্সসহ একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করেছেন। ২০২৫ সালে তিনি আফ্রিকার সেরা পুরুষ রেফারি হিসেবেও স্বীকৃতি পান।
তার বাদ পড়া নিয়ে সোমালি ফুটবল ফেডারেশন ফিফার কাছে জরুরি ব্যাখ্যা চেয়েছে। অন্যদিকে সোমালিয়ার একজন ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, আরতান বৈধ নথিপত্র নিয়েই ভ্রমণ করছিলেন।
এই ঘটনা বিশ্বকাপের মতো বৈশ্বিক ক্রীড়া আসরে রাজনৈতিক ও অভিবাসন নীতির প্রভাব নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে যোগ্যতা থাকা সত্ত্বেও একজন রেফারির এমনভাবে বাদ পড়া ফুটবল মহলে হতাশার জন্ম দিয়েছে।
কসমিক ডেস্ক