বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ৫ সদস্যের তদন্ত কমিটি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ৫ সদস্যের তদন্ত কমিটি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ৫ সদস্যের তদন্ত কমিটি ছবির ক্যাপশন:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, গত ৩ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, দায়ীদের শনাক্তকরণ এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি প্রতিরোধে করণীয় নির্ধারণের উদ্দেশ্যে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক এবং পরিবহন পুলের পরিচালক মাসুদ রানাকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী প্রক্টর আব্দুল্লাহ আল মাহবুব। এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিজয় ২৪ হলের প্রভোস্ট মো. আমির শরীফ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানজিউল ইসলাম এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক হারুন আল-রশিদ।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন, সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করবে। প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর সুপারিশ বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, গত ৩ আগস্ট সন্ধ্যায় বেরোবি ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, চেয়ার ছোড়াছুড়ি এবং লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

সংঘর্ষের পর দুই সংগঠন পৃথক কর্মসূচি ঘোষণা করলে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৪৪ ধারা জারির উদ্যোগ নেয় এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তাজহাট থানার সহযোগিতা চেয়ে চিঠি পাঠায়। তদন্ত কমিটির কার্যক্রমের মাধ্যমে সংঘর্ষের প্রকৃত কারণ উদঘাটন এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নলডাঙ্গায় শালিক পাখি হত্যার ভিডিও ভাইরাল, বন বিভাগের অভিযোগ

নলডাঙ্গায় শালিক পাখি হত্যার ভিডিও ভাইরাল, বন বিভাগের অভিযোগ