যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নতুন নিয়ম অনুযায়ী অনভিবাসী ভিসা প্রার্থীদের তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা উন্মুক্ত রাখতে হবে।
শুক্রবার (৫ জুন) এক বার্তায় এই নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়, ২০২৬ সালের ৩০ মার্চ থেকে নির্দিষ্ট কিছু ভিসা ক্যাটাগরির আবেদনকারীদের জন্য এই নিয়ম কার্যকর হবে।
যেসব ভিসা ক্যাটাগরির ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে তার মধ্যে রয়েছে এ-৩, সি-৩ (গৃহকর্মী হলে), জি-৫, এইচ-৩ এবং তাদের নির্ভরশীল এইচ-৪, পাশাপাশি কে-১, কে-২, কে-৩, কিউ, আর-১, আর-২, এস, টি এবং ইউ ভিসা ক্যাটাগরি।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা ও আবেদনকারীর পরিচয় যাচাই প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভিসা যাচাইয়ের সময় নিরাপত্তা ও পরিচয় যাচাইকে আরও জোরদার করতেই সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য যাচাই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
নতুন নির্দেশনার ফলে ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য গোপন না রেখে উন্মুক্ত রাখতে হবে, যা যাচাই প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচিত হবে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ভিসা স্ক্রিনিং প্রক্রিয়াকে আরও কঠোর করার অংশ, যেখানে আবেদনকারীর অনলাইন উপস্থিতি ও আচরণও যাচাইয়ের আওতায় আসছে।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত ব্যাখ্যা বা বিস্তারিত নির্দেশনা দেয়নি মার্কিন কর্তৃপক্ষ। ফলে আবেদনকারীদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ মনোযোগের দাবি রাখছে।
কসমিক ডেস্ক