বিশ্বকাপ ২০২৬-এর বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক রেফারি ইসমায়েল এলফাত। ম্যাচের এক দিন আগে ফিফা আনুষ্ঠানিকভাবে ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেছে।
বুধবার আটলান্টার মার্সিডিজ-বেন্জ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই হাইভোল্টেজ সেমিফাইনালে এলফাতকে সহায়তা করবেন তারই স্বদেশি সহকারী রেফারি কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন ইতালির মাউরিজিও মারিয়ানি, আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন দানিয়েলে বিনদোনি।
বিশ্বকাপের শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। মিসর ও সুইজারল্যান্ড—উভয় দলই ম্যাচ শেষে কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল। ফলে সেমিফাইনালের দায়িত্ব কার হাতে যাবে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ ছিল।
৪৪ বছর বয়সী ইসমায়েল এলফাত চলতি বিশ্বকাপে এরই মধ্যে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। তিনি গ্রুপ পর্বে নেদারল্যান্ডস বনাম জাপান এবং উরুগুয়ে বনাম স্পেন ম্যাচে দায়িত্ব পালন করেন। এরপর শেষ ষোলোতে ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচেও বাঁশি বাজান।
এবারের বিশ্বকাপে এলফাত এখন পর্যন্ত ৮টি হলুদ কার্ড ও ১টি লাল কার্ড, অর্থাৎ মোট ৯টি কার্ড দেখিয়েছেন। তার একমাত্র লাল কার্ডটি দেখানো হয় উরুগুয়ের অগুস্তিন কানোবিওকে। স্পেনের পাউ কুবার্সির ওপর বিপজ্জনক ট্যাকলের কারণে তাকে সরাসরি মাঠ ছাড়তে হয়েছিল।
মরক্কোয় জন্ম নেওয়া এলফাত ২০০১ সালে ডাইভারসিটি ভিসা কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং বর্তমানে টেক্সাসে বসবাস করছেন। ২০১২ সাল থেকে তিনি মেজর লিগ সকার (MLS)-এ নিয়মিত ম্যাচ পরিচালনা করছেন। ২০১৬ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি লাভ করেন।
২০২২ কাতার বিশ্বকাপ ছিল এলফাতের প্রথম বিশ্বকাপ। ওই আসরে ফ্রান্স-আর্জেন্টিনা ফাইনালে তিনি চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি ২০২২ সালের এমএলএস কাপ ফাইনাল এবং ২০২৬ কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপ ফাইনাল পরিচালনা করেছেন। দুইবার এমএলএস বর্ষসেরা রেফারি নির্বাচিত হওয়ার কৃতিত্বও রয়েছে তার।
বিশ্বকাপে রেফারিং নিয়ে সাম্প্রতিক বিতর্কের মধ্যেই আর্জেন্টিনা-ইংল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়ে ক্যারিয়ারের আরেকটি বড় মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন ইসমায়েল এলফাত।
কসমিক ডেস্ক