আজ রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আজ রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 10, 2026 ইং
আজ রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ছবির ক্যাপশন:

গণভোটের গণনায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে শনিবার (১১ জুলাই) রংপুরে বিভাগীয় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে ১১ দলীয় ঐক্য। পূর্বঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশ রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, শনিবার বেলা ২টা ৩০ মিনিটে শুরু হওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। সমাবেশে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারাও অংশ নিয়ে বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও জাতীয় বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখবেন।

সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। এছাড়া বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত থাকবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী, এনসিপির সদস্য সচিব মো. আখতার হোসেন এমপি, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের গণনায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ, সীমান্ত হত্যা বন্ধ, পুশইন প্রতিরোধ এবং সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ। এসব ইস্যুকে সামনে রেখে দেশব্যাপী জনমত গড়ে তুলতেই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রংপুরে এই বিভাগীয় সমাবেশ আয়োজন করা হচ্ছে।

১১ দলীয় ঐক্যের নেতারা মনে করছেন, উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা তিস্তা নদীকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সীমান্ত এলাকায় প্রাণহানি ও পুশইনের মতো বিষয়গুলো জাতীয়ভাবে গুরুত্ব পাওয়া প্রয়োজন। একই সঙ্গে জনগণের বিভিন্ন ভোগান্তি নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিও সমাবেশ থেকে জোরালোভাবে তুলে ধরা হবে।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয়, বিভাগীয় এবং স্থানীয় পর্যায়ের নেতারাও বক্তব্য রাখবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সমাবেশ উত্তরাঞ্চলের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে বিভিন্ন দলের শীর্ষ নেতারা একই মঞ্চে উপস্থিত হয়ে জাতীয় বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরবেন।

সমাবেশকে সফল করতে ইতোমধ্যে রংপুর বিভাগজুড়ে প্রস্তুতি গ্রহণ করেছে আয়োজকরা। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মী এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচারণাও চালানো হচ্ছে। ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে রংপুর বিভাগের সর্বস্তরের জনগণকে সমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশে অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশে অর্ধগলিত মরদেহ উদ্ধার