বাংলাদেশের বন্যা ও ভূমিধসে মালদ্বীপের প্রেসিডেন্টের সমবেদনা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বাংলাদেশের বন্যা ও ভূমিধসে মালদ্বীপের প্রেসিডেন্টের সমবেদনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
বাংলাদেশের বন্যা ও ভূমিধসে মালদ্বীপের প্রেসিডেন্টের সমবেদনা ছবির ক্যাপশন:

বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে চলমান বন্যা ও ভূমিধসের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। তিনি বলেছেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি মালদ্বীপ সরকার ও জনগণের পূর্ণ সমর্থন ও সহমর্মিতা রয়েছে।

রোববার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট মুইজ্জু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, বাংলাদেশ সরকার এবং দেশের জনগণের প্রতি সমবেদনা জানান।

তিনি লেখেন, চলমান মৌসুমি বন্যা ও ভূমিধসের ভয়াবহ প্রভাব মোকাবিলার এই কঠিন সময়ে মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি গভীর সমবেদনা ও শোক জানানো হচ্ছে।

মোহাম্মদ মুইজ্জু আরও বলেন, যারা এই দুর্যোগে স্বজন হারিয়েছেন এবং যাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রতি মালদ্বীপের আন্তরিক সমবেদনা ও প্রার্থনা রয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং দ্রুত পরিস্থিতির উন্নতি কামনা করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, এই কঠিন সময়ে মালদ্বীপ বাংলাদেশের পাশে রয়েছে এবং বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত সব মানুষের নিরাপত্তা, শক্তি এবং দ্রুত পুনরুদ্ধার কামনা করছে।

টানা ভারী বর্ষণ, বন্যা ও পাহাড়ধসের কারণে বাংলাদেশের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন এবং অনেক পরিবার তাদের ঘরবাড়ি ও জীবিকা হারিয়েছেন। এই প্রেক্ষাপটে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মহল থেকে বাংলাদেশের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানানো হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে পৌঁছেছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

সিলেটে পৌঁছেছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ