সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘পেডি’র সাফল্যের আনন্দের মধ্যেই ব্যক্তিগত জীবনের আরেকটি বিশেষ মুহূর্ত উদযাপন করেন এই জনপ্রিয় দম্পতি।
চলতি বছরের ৩১ জানুয়ারি দ্বিতীয়বারের মতো বাবা-মা হন রাম চরণ ও উপাসনা। সেই সময় তাদের পরিবারে আসে এক পুত্র ও এক কন্যাসন্তান। পরিবারের নতুন সদস্যদের আগমনের খবর প্রথম জানিয়েছিলেন রাম চরণের বাবা এবং কিংবদন্তি অভিনেতা চিরঞ্জীবী।
দীর্ঘদিন ভক্তরা অপেক্ষা করছিলেন যমজ সন্তানদের ঝলক দেখার জন্য। অবশেষে বিবাহবার্ষিকীর দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন ছবি শেয়ার করেন রাম চরণ ও উপাসনা।
ছবিটিতে দেখা যায়, তিন সন্তানের ছোট ছোট হাত একসঙ্গে ধরা অবস্থায় রয়েছে। এই ছবির মাধ্যমেই প্রথমবারের মতো প্রকাশ্যে আসে যমজ সন্তানদের উপস্থিতি। তাদের নাম শিব রাম ও অনবিরা বলে জানা যায়। একই ছবিতে বড় মেয়ে ক্লারা কোনিডেলার হাতও দেখা যায়, যা পুরো পরিবারকে একসঙ্গে উপস্থাপন করে।
ছবির ক্যাপশনে উপাসনা লিখেছেন, “আমার মন সত্যিই ভরে গেছে।” সংক্ষিপ্ত এই বার্তাটি ভক্তদের মধ্যে আবেগের সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়।
ছবিটি প্রকাশের পর ভক্ত ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় ভরে ওঠে মন্তব্যের ঘর। বিনোদন জগতের অনেক তারকাও এই দম্পতিকে অভিনন্দন জানান। অভিনেত্রী কাজল আগরওয়াল, হুমা কুরেশিসহ আরও অনেকেই নবজাতকদের জন্য শুভকামনা প্রকাশ করেন।
রাম চরণ ও উপাসনার প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। বন্ধুত্ব থেকে শুরু হওয়া এই সম্পর্ক পরবর্তীতে প্রেমে রূপ নেয়। ২০১১ সালের ডিসেম্বরে তাদের বাগদান সম্পন্ন হয় এবং ২০১২ সালের জুনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে তারা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি হিসেবে পরিচিত।
এই দম্পতির বড় মেয়ে ক্লারা কোনিডেলার জন্ম হয় ২০২৩ সালের জুন মাসে। এরপর ২০২৬ সালের শুরুতে যমজ সন্তানের জন্মের মধ্য দিয়ে তাদের পরিবারে সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচজন।
ভক্তদের মতে, এই আনন্দঘন মুহূর্ত শুধু রাম চরণ-উপাসনার ব্যক্তিগত জীবনেই নয়, তাদের ভক্তদের মধ্যেও উচ্ছ্বাস সৃষ্টি করেছে। বিবাহবার্ষিকীতে এমন বিশেষ ঘোষণা তাদের সম্পর্কের নতুন অধ্যায়কে আরও স্মরণীয় করে তুলেছে।
কসমিক ডেস্ক