নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. জুবায়ের আহম্মেদ (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত জুবায়ের আহম্মেদ নওগাঁর সাপাহার উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের আসাদুল হকের ছেলে। তিনি প্রায় চার বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। দুই ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। স্থানীয়ভাবে তিনি সাপাহার আল-হেলাল একাডেমির সাবেক শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ছুটি নিয়ে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে বুধবার বিকেলে ‘এস আর পরিবহন’ বাসে নওগাঁ বাসস্ট্যান্ডে নামেন জুবায়ের। পরে সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় নিজ গ্রাম সাপাহারের উদ্দেশে রওনা হন।
পথে মহাদেবপুর উপজেলার আখেড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জুবায়ের গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জুবায়েরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাঁর পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ছুটিতে বাড়ি ফেরার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে এলাকায়ও নেমে এসেছে গভীর শোক।
মাসুদ রানা, নওগাঁ প্রতিনিধি