প্রেমিকার ছেলের ছুরিকাঘাতে নিহত হলিউড অভিনেতা জেমস হ্যান্ডি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রেমিকার ছেলের ছুরিকাঘাতে নিহত হলিউড অভিনেতা জেমস হ্যান্ডি

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 6, 2026 ইং
প্রেমিকার ছেলের ছুরিকাঘাতে নিহত হলিউড অভিনেতা জেমস হ্যান্ডি ছবির ক্যাপশন:

হলিউডের প্রবীণ অভিনেতা জেমস হ্যান্ডি (৮১) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাসার বাইরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এই ঘটনায় অভিনেতার প্রেমিকার ছেলে মাইকেল গ্লেডহিলের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, গত ৩ জুন এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, জেমস হ্যান্ডিকে ছুরিকাঘাত করার পর মাইকেল নিজেই জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে ঘটনার কথা জানান।

পুলিশ সূত্রে জানা যায়, ফোন কলে গ্লেডহিল দাবি করেন যে তিনি একজন মানুষকে হত্যা করেছেন। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

বর্তমানে লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টে মামলার কার্যক্রম চলছে। আদালত অভিযুক্তের জামিনের পরিমাণ ২০ লাখ মার্কিন ডলার নির্ধারণ করেছেন। তদন্তকারীরা হত্যাকাণ্ডের পেছনের কারণ ও ঘটনার বিস্তারিত জানতে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।

নিউইয়র্কে জন্ম নেওয়া জেমস হ্যান্ডি দীর্ঘ অভিনয়জীবনে চলচ্চিত্র ও টেলিভিশনের অসংখ্য জনপ্রিয় প্রযোজনায় কাজ করেছেন। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত চলচ্চিত্র ‘জুমানজি’-তে তার অভিনয় দর্শকদের নজর কাড়ে। সেখানে তিনি কীটপতঙ্গ নিয়ন্ত্রণকর্মীর চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া ২০২২ সালের বিশ্বব্যাপী আলোচিত চলচ্চিত্র ‘টপ গান: ম্যাভেরিক’-এ বারটেন্ডার জিমি চরিত্রে তার উপস্থিতিও প্রশংসিত হয়।

শুধু চলচ্চিত্র নয়, টেলিভিশন অঙ্গনেও ছিল তার উল্লেখযোগ্য অবদান। জনপ্রিয় ক্রাইম ড্রামা সিরিজ ‘এনসিআইএস: লস অ্যাঞ্জেলেস’ এবং ‘কোল্ড কেস’-সহ বিভিন্ন সফল প্রযোজনায় তিনি অভিনয় করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি সহকর্মী ও দর্শকদের কাছে একজন দক্ষ, বিনয়ী এবং পেশাদার শিল্পী হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যুর খবরে সহকর্মী, বন্ধু ও ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন। এলিস ট্যালেন্ট গ্রুপের প্রতিনিধি পাম এলিস-ইভেনাস এক প্রতিক্রিয়ায় বলেন, জেমস হ্যান্ডি ছিলেন অসাধারণ প্রতিভাবান, বিনয়ী ও আন্তরিক একজন মানুষ। তার মৃত্যু বিনোদন জগতের জন্য একটি বড় ক্ষতি বলেও মন্তব্য করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়ে যা বললেন মোস্তফা সরয়ার ফার

সরকারে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়ে যা বললেন মোস্তফা সরয়ার ফার