দেশে জেট ফুয়েলের দাম এক লাফে ৮০ শতাংশ বৃদ্ধি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দেশে জেট ফুয়েলের দাম এক লাফে ৮০ শতাংশ বৃদ্ধি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 24, 2026 ইং
দেশে জেট ফুয়েলের দাম এক লাফে ৮০ শতাংশ বৃদ্ধি ছবির ক্যাপশন:

দেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দামে বড় ধরনের বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় এক লাফে প্রায় ৮০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হয়েছে, যা বিমান খাতে ব্যয় বাড়ার আশঙ্কা তৈরি করেছে।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করা হয়। এর আগে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে বিইআরসি, পদ্মা অয়েল এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি লিটারে দাম বেড়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা, যা প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি।

একইভাবে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ০.৭৩৮৪ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে, যা প্রায় ৭৯ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।

জানা গেছে, ২৪ মার্চ দিবাগত রাত ১২টা থেকে নতুন এই মূল্য কার্যকর হবে।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে তেলসমৃদ্ধ অঞ্চলগুলোতে হামলা এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে প্রতিবন্ধকতার কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে, যার প্রভাব পড়েছে জেট ফুয়েলের ওপরও।

উল্লেখ্য, চলতি মাসে এটি দ্বিতীয়বারের মতো জেট ফুয়েলের দাম বাড়ানো হলো। এর আগে ৮ মার্চও দাম বাড়ানো হয়েছিল। ধারাবাহিক এই মূল্যবৃদ্ধির ফলে ভবিষ্যতে বিমান ভাড়াও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এসএসসি ও এইচএসসিতে বিষয় ও দিন কমানোর পরিকল্পনা সরকারের

এসএসসি ও এইচএসসিতে বিষয় ও দিন কমানোর পরিকল্পনা সরকারের