নারীকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা, অভিযানে ধরা তিনজন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নারীকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা, অভিযানে ধরা তিনজন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 11, 2026 ইং
নারীকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা, অভিযানে ধরা তিনজন ছবির ক্যাপশন:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক নারীকে অপহরণের চেষ্টার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা।

গ্রেপ্তার তিনজন হলেন—মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার শ্রীপুর (নাছিরাবাদ) গ্রামের মতছির আলীর ছেলে মো. জাকির মিয়া (২৬), সদর থানার সৈয়ারপুর এলাকার আব্দুর রহমানের ছেলে মো. কাওছার আহমদ (৩৪) এবং গুলবাগ (বেরিরচর) এলাকার নুর মিয়ার ছেলে জসিম মিয়া (৩৬)।

পুলিশ জানায়, গত ৮ মার্চ সকালে কমলগঞ্জ উপজেলার ৫ নম্বর কমলগঞ্জ ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের বাসিন্দা বাপ্পি এরিকের মেয়ে ও মো. মাসুদ পারভেজের স্ত্রী ফাতেমা পারভেজ নিশি (২৯) শ্রীমঙ্গলে যাওয়ার জন্য কমলগঞ্জের বটতলা বাজার এলাকায় অপেক্ষা করছিলেন।

এ সময় একটি সাদা রঙের প্রাইভেট কার এসে তাকে শ্রীমঙ্গল যাবেন কি না জানতে চায়। তিনি তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় গাড়িটি কিছুক্ষণ ধরে ওই এলাকায় ঘোরাফেরা করতে থাকে।

পরে ওই নারী বাড়ির দিকে হাঁটা শুরু করলে গাড়িটি তাকে অনুসরণ করে। একপর্যায়ে গাড়িটি তার বাড়ির রাস্তায় ঢুকে পড়ে।

এরপর গাড়িতে থাকা একজন ব্যক্তি নেমে এসে তার মুখ চেপে ধরে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করে। প্রায় ১০ থেকে ১২ হাত দূর পর্যন্ত তাকে টেনে নেওয়া হয়।

তবে ওই নারী সাহসিকতার সঙ্গে ধস্তাধস্তি করে তাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হন এবং নিরাপদ স্থানে আশ্রয় নেন।

ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কমলগঞ্জ থানায় ৯ মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ধারা ৭/৩০ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়।

মামলা দায়েরের পর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে এবং আসামিদের শনাক্ত করতে বিভিন্ন প্রযুক্তিগত পদ্ধতি ব্যবহার করে।

অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং ম্যানুয়াল সোর্সের মাধ্যমে সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেট মহানগরীর সোবহানীঘাট এলাকার আত্মা কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অপহরণের কাজে ব্যবহৃত সাদা রঙের প্রাইভেট কারটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, সিডিএমএস যাচাই করে দেখা গেছে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে চুরি ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

এ ছাড়া তাদের দলের আরও একজন সদস্য জাহাঙ্গীর পলাতক রয়েছে। তার বিরুদ্ধে ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পলাতক আসামিদের গ্রেপ্তার এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বিদেশি নম্বর থেকে হুমকি, স্বতন্ত্র প্রার্থী শিপন আতঙ্কে

বিদেশি নম্বর থেকে হুমকি, স্বতন্ত্র প্রার্থী শিপন আতঙ্কে