বাংলাদেশের সাধারণ ও ই-পাসপোর্টে বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। নতুন নকশায় জুলাই গণ-অভ্যুত্থানের তিন শহীদ—আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি যুক্ত করার পাশাপাশি পুনর্বহাল করা হচ্ছে বহুল আলোচিত ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ।
এ-সংক্রান্ত সরকারি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মাধ্যমে ছয় বছর আগে বাংলাদেশি পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত’ বাক্যটি আবারও ফিরিয়ে আনা হচ্ছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি এবং ফিলিস্তিন ইস্যুতে দেশের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুধু লেখায় নয়, ই-পাসপোর্টের ভিজ্যুয়াল ডিজাইনেও আসছে বড় পরিবর্তন। নতুন জলছাপে স্থান পাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের তিন শহীদের প্রতীকী ছবি। এছাড়া জাতীয় প্রতীক, দেশের ঐতিহাসিক স্থাপনা এবং বিভিন্ন ধর্মীয় স্থাপনার নতুন বিন্যাসও যুক্ত করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মাদ মাহবুবুর রহমান বলেন, গণতন্ত্র ও গণ-অভ্যুত্থানের প্রতীকগুলোকে পাসপোর্টে স্থান দেওয়া হলে তা ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।
তবে বর্তমানে যাদের পাসপোর্ট রয়েছে, তাদের জন্য তাৎক্ষণিক কোনো পরিবর্তন হচ্ছে না। বিদ্যমান পাসপোর্টের মেয়াদ শেষ হলে নবায়নের সময় নতুন নকশার পাসপোর্ট ইস্যু করা হবে।
কসমিক ডেস্ক